ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিহারে বহু ভোটারের নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ সেই সংখ্যা প্রায় তিন লক্ষ ৷ শুক্রবার নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে সন্দেহভাজন ভোটারদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে ৷ ওই ভোটাররা বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও আফগানিস্তানের বাসিন্দা বলে সন্দেহ করছে কমিশন ৷ ভারতের সঙ্গে নেপালের যে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তার মধ্যে প্রায় ৭০০ কিমি বিহারে ৷ তাই সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে ৷ তাঁরা ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের জন্য আবেদন করেছেন বলে সন্দেহ কমিশনের ৷ এসআইআর চলার সময় 1 অগস্ট বিহারে এসআইআর প্রক্রিয়ার পর প্রথম দফার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় ৷ এই সন্দেহভাজন ভোটারদের নাম খসড়া তালিকায় ছিল ৷ তাঁদের নথিগুলি যাচাই করার সময় বেশকিছু বেনিয়ম চোখে পড়ে আধিকারিকদের ৷ তাই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিকরা (ইআরও) তাঁদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠিয়েছেন ৷ জানা গিয়েছে, সন্দেহভাজনরা ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৷ ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৷ এরকম সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে স্বশাসিত ভোট পরিচালন সংস্থা ৷শুক্রবার নির্বাচন কমিশনের (ইসিআই) সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, “যাদের নাগরিকত্ব সন্দেহজনক তাদের কাছে প্রায় তিন লক্ষ নোটিশ পাঠানো হয়েছে । তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । বিহারের ভোটার তালিকায় প্রকাশিত ৭.২৪ শতাংশ ভোটারের মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । এই ভোটারদের অনেকেই বাংলাদেশ ও নেপালের বলে সন্দেহ করা হচ্ছে । কিছু ভোটার মায়ানমার ও আফগানিস্তানেরও বলে জানা গিয়েছে ।”নির্বাচন কমিশন সূত্র দাবি করেছে যে, বিভিন্ন জেলায় বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাজ করার সময় জানা গিয়েছে যে এই ধরনের ভোটারদের নাগরিকত্ব সন্দেহজনক । এই ভিত্তিতে, ইআরও তাদের নোটিশ জারি করেছে । নথি যাচাইয়ের সময় ইআরও কর্তৃক অসঙ্গতিগুলি পাওয়া গিয়েছে । এরপরে তদন্ত করে দেখা হয় এবং ইআরও কর্তৃক নোটিশ জারি করা হয় । এই মামলাগুলি দেখা গিয়েছে মূলত পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, মধুবনী, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া এবং সুপৌল জেলায় ।নির্বাচন কমিশন সূত্র আরও বলেছে যে, “ইআরও-রা এই জাতীয় ভোটারদের ডেকেছেন । তাদের প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে । যদি দেখা যায় এই নথিগুলিই ইআরও-কে দেওয়া হয়েছে তাহলে তাদের নাম বাদ দেওয়া হবে না । তবে যারা প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারবেন না তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে । তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । এরপরে, নির্বাচন কমিশনের আধিকারিকরা জেলা প্রশাসনকে রিপোর্ট করবেন যে এই ভোটাররা নাগরিক নন ।” বিহারে SIR-এর একেবারে শুরুতেই নির্বাচন কমিশন বলেছিল তারা নিশ্চিত করবে যে, কোনও অবৈধ অভিবাসী চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম তুলতে পারবে না । এসআইআর-এর আদেশ অনুসারে, সংশ্লিষ্ট ইআরও/এইআরও থেকে ভোটারের বক্তব্য না শুনে এবং তারপরে লিখিত আদেশ না দিয়ে খসড়া ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া যাবে না । যার বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রধান নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করা যেতে পারে ।

