রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ক্ষমতার পালাবদল হতেই তপ্ত খাস কলকাতা। বুধবার গভীর রাতে নিউ মার্কেট বা হগ মার্কেট চত্বরে বুলডোজার দিয়ে দোকানপাট ও তৃণমূলের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনার রেশ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী কাল, ৮ মে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বুধবার মাঝরাতে যখন শহর শান্ত, তখন হঠাৎই ইঞ্জিনের বিকট শব্দে কেঁপে ওঠে হেরিটেজ হগ মার্কেট এলাকা। দেখা যায়, একটি বিশাল বুলডোজার নিয়ে একদল উন্মত্ত জনতা তাণ্ডব চালাচ্ছে। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় সারিবদ্ধ বেশ কিছু দোকান এবং একটি স্থানীয় তৃণমূল কার্যালয়। ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ দ্রুত পৌঁছলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বেনজির হামলায় রীতিমতো আতঙ্কিত পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রস্থল নিউ মার্কেটের ব্যবসায়ীরা। আদালতে দায়ের করা মামলায় কেবল নিউ মার্কেটের তাণ্ডবই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষীদের মূর্তি ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে। মামলাকারীর আবেদন, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় অবিলম্বে পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিক আদালত এবং পুরো তদন্তপ্রক্রিয়া যেন আদালতের নজরদারিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি বিজেপির বিরুদ্ধে বুলডোজার সংস্কৃতির আমদানির অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি তৃণমূলের দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবং এর সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই।

