ভোটের ময়দানে বাইক চলাচলের ওপর নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ বিধিনিষেধ কিছুটা শিথিল করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে বিচারপতি কৃষ্ণা রাও সাফ জানিয়ে দিলেন, বাইক র‍্যালি বা মিছিল নিষিদ্ধ থাকলেও সাধারণ মানুষের যাতায়াতে পুরোপুরি কোপ বসানো যাবে না। আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের বিশেষ ক্ষমতা থাকলেও, তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। বিচারপতি রাওয়ের মতে, কোনো আইনি বিধানে বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)-তে বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ করার কথা বলা নেই। তাই কমিশনের পক্ষ থেকে ঢালাও নিষেধাজ্ঞা জারি করা যুক্তিযুক্ত নয়। এর আগে মঙ্গলবার কমিশন জানিয়েছিল, ভোটের দু’দিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না। এমনকি ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চললেও পিছনে কোনো যাত্রী বসানোয় নিষেধাজ্ঞা ছিল। ভোটের দিনও শুধুমাত্র ভোট দেওয়া বা জরুরি কাজ ছাড়া বাইক চালানোয় কড়াকড়ি করা হয়েছিল। কমিশন অবশ্য আগেই স্পষ্ট করেছিল যে, চিকিৎসা, স্কুলপড়ুয়াদের যাতায়াত বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। র‍্যাপিডো বা অন্যান্য অ্যাপভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবাও এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।