প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। আর সেই আতঙ্ক থেকেই তিনি হতাশ দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। শুক্রবার অমিত শাহকে তীব্র নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে এদিন নিজেদের জয় নিয়েও আত্মবিশ্বাসী মন্ত্রী। মন্ত্রী বলেন, প্রথম দফার ভোটের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত আতঙ্কিত। শশী পাঁজার মতে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নথিপত্র পরীক্ষার নামে ভোটারদের মধ্যে এক প্রকার ‘ভয়ের আবহ’ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, কারণ তারা বুঝতে পেরেছে বাংলায় তৃণমূলই ক্ষমতায় ফিরছে। শশী পাঁজার কথায়, এবারের ভোট প্রতিবাদের ভোট। মানুষ মন খুলে তৃণমূলকে ভোট দিয়েছে। এসআইআরের প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে। বিজেপি বুঝতে পেরেছে তারা হেরে যাচ্ছে, তাই হতাশা থেকে আতঙ্কিত হয়ে এইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কার্যকতাদের মনোবল বৃদ্ধি করতে চাইছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের চেয়ে বাংলায় বিজেপির পূর্ণ সময়ের কর্মীর মতোই বেশি কাজ করছেন!

উল্লেখ্য, অমিত শাহ বলেন, তাঁদের কাছে যে ফিডব্যাক এসেছে, তাতে পশ্চিমবঙ্গের ভোটাররা প্রথম দফাতেই নিজেদের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। তিনি দাবি করেন, ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জিততে চলেছে। তাঁর মতে, এই ফলাফলই প্রমাণ করে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।