দেশ

দিল্লি বিস্ফোরণ তদন্তে শহরের সংশোধনাগারের এক বন্দিকে জিজ্ঞাসাবাদ

দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় সামনে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে দিন দিন জটিলতা বাড়ছে । বিস্ফোরণের পর থেকেই দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি হয়েছে ৷ আর তার মধ্যেই এখন তদন্তে যুক্ত হল নতুন এক দিক । বিস্ফোরণের নেপথ্যে সম্ভাব্য ষড়যন্ত্রের সূত্র খুঁজতে এবার কলকাতার একটি সংশোধনাগারে হাজির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। সেখানে গিয়ে এক বন্দিকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। NIA সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণ মামলায় যাদের নাম উঠে এসেছে, তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই প্রক্রিয়াতেই উঠে আসে পশ্চিমবঙ্গের এক ব্যক্তির নাম ৷ যে বর্তমানে মাদক সরবরাহ চক্রে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের একটি সংশোধনাগারে বন্দি। তার অতীত কার্যকলাপ এবং যোগাযোগের জাল খতিয়ে দেখার পর সন্দেহ হয় তদন্তকারীদের ৷ দিল্লি বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে এই বন্দির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, বর্তমানে সংশোধনাগারে বন্দি থাকা ওই ব্যক্তির বাড়িতেও হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলে, তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। কবে থেকে ওই ব্যক্তি সংশোধনাগারে বন্দি ? তার আগে সে কোথায় কোথায় যেত ? কাদের সঙ্গে মিশত, কার কার সঙ্গে যোগাযোগ রাখত? এ সকল খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই সন্দেহ থেকেই শহরের সংশোধনাগারে আসেন NIA-র আধিকারিকরা। সংশোধনাগার সূত্রে খবর, প্রায় কয়েক ঘণ্টা ধরে ওই বন্দিকে জেরা করেন তদন্তকারীরা। ওই ব্যক্তি কোনও বৃহত্তর অপরাধচক্র বা আন্তঃরাজ্য নাশকতা মডিউলের সঙ্গে যুক্ত কি না, তা জানতেই মূলত তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। মাদক সরবরাহের নেটওয়ার্কের আড়ালে কোনও জঙ্গি সংগঠন বা দুষ্কৃতী গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তদন্ত সংস্থার এক কর্তার মতে, দেশব্যাপী সক্রিয় কিছু চক্র বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ-যেমন মাদক পাচার, ভুয়ো নথি তৈরি, অস্ত্র সরবরাহ ইত্যাদির আড়ালে নাশকতার পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণও সেই বড়সড় পরিকল্পনার অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে । আর সেই সন্দেহেই এই বন্দির অতীত যোগাযোগের নথি, মোবাইল রেকর্ড, পরিচিতি এবং আর্থিক লেনদেনও খুঁটিয়ে দেখা হচ্ছে । NIA সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ৷ যা বিস্ফোরণকাণ্ডের তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এছাড়া আগামী দিনে তাকে আরও একদফা জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে । দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় সারা দেশে যে আতঙ্ক ছড়িয়েছে, তা এখনও কাটেনি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন প্রত্যেক ব্যক্তিকেই কঠোরভাবে জেরা করছে তদন্তকারী সংস্থা ৷ কলকাতার সংশোধনাগারে এই হঠাৎ অভিযান, সেই তদন্তেরই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে রাজ্যের গোয়েন্দামহল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে বিস্ফোরণের মতো বড়সড় নাশকতার পরিকল্পনার পিছনে কারা রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন সর্বশক্তি দিয়ে তদন্ত চালাচ্ছে NIA । আর এই জিজ্ঞাসাবাদ যে তদন্তে নতুন দিশা দিতে পারে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ।