ভারত-পাকিস্তান সংঘাতে ৪-৫টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই পরমাণু শক্তিধর দেশকে বাণিজ্যের কথা বলে তিনিই সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছিলেন বলেও ফের দাবি করলেন তিনি। হোয়াইট হাউসে রিপাবলিকান পার্টির সাংসদদের নিয়ে নৈশভোজে বসেছিলেন ট্রাম্প। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধবিমানগুলি ভারতের ছিল নাকি পাকিস্তানের তা খোলসা করেননি ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের কথায়, ‘যুদ্ধবিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হয়েছিল। চারটি বা পাঁচটি হবে, তবে আমার মনে হয় পাঁচটা বিমান সত্যিই নামানো হয়েছিল।’ ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পরে ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত ৯টি জঙ্গি ঘাঁটি। এর পরে ১০ মে সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ।