নতুন করে বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে যিশু খ্রিস্ট হিসেবে চিত্রিত করা একটি AI নির্মিত ছবি শেয়ার করেন তিনি । পোপ লিও-র সমালোচনা করার পরপরই ট্রাম্প নিজেকে যিশু হিসেবে উপস্থাপন করা ওই ছবিটি পোস্ট করেন। তিনি বলেন, “আমি পোপ লিও-র কোনো ভক্ত নই।” সোমবার একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, “পোপ লিও চতুর্দশ একদমই ভালো কাজ করছেন না। তিনি অপরাধ পছন্দ করেন। আমরা এমন পোপকে পছন্দ করি না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি তাঁর ভক্ত নই। তিনি একজন উদারপন্থী মানুষ। একইসঙ্গে তিনি অপরাধপ্রেমী। অপরাধ দমনে বিশ্বাস করেন না।” তিনি আরও বলেন, “পোপ লিও চতুর্দশ মার্কিন প্রশাসনের সমোলচনা করেন। কিন্তু করোনার সময় ক্যাথলিক গির্জা এবং অন্যান্য খ্রিস্টান সংগঠনগুলি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা তিনি উল্লেখ করেন না।” এই বিবৃতির কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট AI দ্বারা নির্মিত নিজের একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের পরনে রয়েছে সাদা আলখাল্লা। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর মতোই তিনি এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়েছে রয়েছেন। ছবিটি বিভিন্ন প্রতীকী উপাদানে সজ্জিত, যার মধ্যে রয়েছে আমেরিকার পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। ছবিটি প্রকাশ্যে আসার পরই বিতর্ক তৈরি হয়েছে।