ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষে রদবদল ৷ রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ ভোট ঘোষণার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে অপসারণের পর এবার পুলিশের শীর্ষ পদে বদল আনল নির্বাচন কমিশন ৷ দুপুর 3টের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে ৷ যাঁদের সরানো হল, তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত হতে পারবেন না । কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান ডিজিপি পীযূষ পাণ্ডে আর এই পদে থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে রাজ্যের নতুন ডিজিপি হিসেবে দায়িত্ব পাচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। একইসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার পদেও আনা হয়েছে পরিবর্তন। এতদিন এই দায়িত্বে থাকা সুপ্রতীম সরকারকে সরিয়ে নতুন সিপি হিসেবে নিয়োগ করা হয়েছে অজয় নন্দকে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ এডিজি (ল’ অ্যান্ড অর্ডার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মুকুন্দ রানাডে’কে।
- পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা ৷
- সুপ্রতিম সরকারের জায়গায় কলকাতার নয়া সিপি হলেন অজয় কুমার নন্দ ৷
- বিনীত গোয়েলের পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা হিসেবে নয়া দায়িত্ব পাচ্ছেন অজয় মুকুন্দ রানাডে ৷
- কারেকশনাল সার্ভিসেস এর দায়িত্বে নটরাজন রমেশ বাবু ৷
- সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে । সেই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার সামগ্রিক পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কমিশনের মতে, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থেই এই পরিবর্তন জরুরি ছিল ।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাঠামোকে আরও নিরপেক্ষ ও কার্যকর করতে কমিশন এই পদক্ষেপ করেছে । এর ফলে রাজ্যের পুলিশ প্রশাসনে নতুন করে দায়িত্ব বণ্টন ও কাজের গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে । প্রশাসনিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি আইনশৃঙ্খলা পদে পরিবর্তন হওয়ায় রাজ্যের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলে মনে করছেন । ভোট ঘোষণার রাতেই রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন । তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে । সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও । নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে । তারপর সোমবার সকালে পুলিশ প্রশাসনের রদবদলের ঘোষণা করল কমিশন ।

