বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী মাস অর্থাৎ এপ্রিলেই বাংলায় দু’দফায় নির্বাচন হবে। এর মধ্যেই বাংলায় ফের তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আজ সোমবার কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এমনকী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গাতেও এই মামলাতেই এদিন সকাল থেকে তল্লাশি অভিযান চলছে বলে খবর। তবে ভোট ঘোষণার পরের দিনই এহেন অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার বোড়ালে ইডির একটি দল হানা দেয়। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি সহ মোট ১০ টি জায়গাতে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। সূত্রের খবর, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতেই এদিন সকাল থেকে বিশেষ এই অভিযানে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে ইডির তরফে কিছু জানানো হয়নি।
