কলকাতার কলেজে সন্ধে থেকে রাতের পরে গণধর্ষণ। এমনই ভয়াবহ অভিযোগ তুলে থানা গিয়েছে সেই কলেজেরই ছাত্রী৷ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে ১ জন প্রাক্তন ছাত্র, ২ জন বর্তমান পড়ুয়া রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। যদিও গোটা ঘটনার কিছুই সেই কলেজ কর্তৃপক্ষ জানেন না বলে জানানো হয়েছে৷ ঘটনার তদন্তে কলেজের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় সোমবার কলেজ কর্তৃপক্ষ বৈঠক ডেকেছেন বলে জানা গিয়েছে। কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় বলেন, ‘‘এখনও আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। মিডিয়ার কাছ থেকে একেরপর এক ফোন আসছে। কিন্তু, কোনও লিখিত অভিযোগ পাইনি৷ কলেজের দারোয়ান মারফত খবর পেয়েছি৷ আমি অশোক দেবকে (কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা বিধায়ক) বিষয়টি জনিয়েছি।’’ উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় তাঁর বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তাঁদের কলেজে বিকেল চারটের পরে কলেজ ক্যাম্পাসে পড়ুয়াদের থাকাই বারণ করা রয়েছে৷ সেখানে এত রাতে কলেজ ক্যাম্পাসে কী করে ছাত্রছাত্রীরা রয়ে গেল, সেই বিষয়টিতে তিনি অবাক হয়েছেন।