কলকাতা

শুনানি মুলতুবি করা হোক, আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে আর্জি ইডি-র

আইপ্যাক ইডি হানার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ইডি ও তৃণমূলের তরফে যে মামলা করা হয়েছিল, বুধবার তার শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। কিন্তু শুনানির শুরুতেই হাইকোর্টে মামলার স্থগিতের আবেদন জানান ইডির আইনজীবী। হাইকোর্টে ইডির তরফে আইনজীবী এএসজি রাজু বলেন, ”সুপ্রিম কোর্টে একইরকম আবেদন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে শুনানি হবে৷ হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল। আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক।” কিন্তু এরপরই তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ”সুপ্রিম কোর্টে ইডির আবেদনের বিষয়ে আমাদের জানা নেই। আমরা কোনও ক্যাভিয়েট দাখিল করিনি। আমি ভুক্তভোগী। আমার আবেদনের শুনানি হোক।”এরপরই এএসজি রাজু বলেন, ”প্রতি মুহূর্তে আমার মাইক বন্ধ করা হচ্ছে। আমি দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল। আমি ইডি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী। এভাবে আমাকে বাধা দেওয়া কেন? এই ধরণের ব্যবহার কোর্টের কাছ থেকে আশা করি না।”এএসজি রাজু আরও বলেন, ”তৃণমূল কংগ্রেসের করা মামলায় মমতা বন্দোপাধ্যায়, ডিজিপি-কে মামলায় যতক্ষণ না পার্টি করা হচ্ছে, ততক্ষণ এই মামলার শুনানি হতে পারে না।” ইডির অভিযোগ, ”ইডি অভিযানের নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন। সেই নথি ইডি-কে ফেরত দেওয়া হোক। কারণ ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি।”