গত শুক্রবার আইপ্যাক মামলার শুনানিতে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। শুনানির মাঝপথেই চেয়ার ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছিলেন বিচারপতি। এই অবস্থায় আজ বুধবার ফের এই মামলার শুনানি শুরু হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি এবং তৃণমূলের দায়ের করা মামলার শুনানি শুরু হয় একসঙ্গে। আইপ্যাক কাণ্ডে মামলার শুনানিতে বাইরের কেউ, অবাঞ্ছিতরা এজলাসে উপস্থিত থাকতে পারবেন না। মঙ্গলবারই এই নির্দেশ জানানো হয়। শুধু তাই নয়, ওই মামলার লাইভ স্ট্রিমিংও হবে বলেও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই চলে শুনানি। লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়ি বা সল্টলেকে আইপ্যাকের দপ্তর থেকে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। যা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে গিয়েছেন। আদালতে জানাল ইডি। পালটা তৃণমূলের বক্তব্য, এই দাবি সত্য হলে তারা মামলা প্রত্যাহারে রাজি। তবে ইডির বক্তব্য রেকর্ড করার দাবি তৃণমূলের আইনজীবীর। জানা যায়, এরপরেই দু’পক্ষের বয়ান রেকর্ড করা হয়। পিএমএল’র ১৭ নম্বর ধারা অনুযায়ী ইডি এই তল্লাশি এই অভিযান চালিয়েছে। ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সব নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন। ফলে তৃণমূল যে নথি চুরির অভিযোগ করছে, তার গ্রহণযোগ্যতা নেই। একই সঙ্গে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ইডির পক্ষের আইনজীবী অ্যাডিশনাল সলিশিটর জেনারেল এস ভি রাজুর।


