দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসঙ্গে আজই । রঙের এই উৎসবে কাঁটা ছড়াতে শুষ্ক গরম উপস্থিত বঙ্গের দুয়ারে । বসন্তের স্নিগ্ধ আবহাওয়া ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফাল্গুনের শুরু থেকে কমতে শুরু করেছিল । পয়লা মার্চ থেকে তা কার্যত গায়েব । সর্বনিম্ন তাপমাত্রা গত 5 দিনে সাত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । রোদের দাপট দিনের বেলায় ভালোভাবে অনুভূত হচ্ছে ৷ পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডায় ইতিমধ্যে 36.1 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ৷ যা দক্ষিণবঙ্গের মধ্যে সবার ওপরে । উত্তরবঙ্গের মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস । সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার বায়ুস্তরের উচ্চস্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত । পাশাপাশি পশ্চিমবঙ্গ-ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । তবে তা বলে এখনই বাংলাজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই । চলতি সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে । মোটের উপর আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে । মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷
