এবার বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে ‘ভাইপোর’ শাসন শুরু হবে৷ বিজেপি-র পরিবর্তন যাত্রার সূচনায় এসে দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুরের সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর দাবি, এবারের নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে শিকড় সমেত উপড়ে ফেলবে৷ একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁকেও তীব্র আক্রমণ করেন অমিত শাহ৷ অমিত শাহ বলেন, ‘সোনার বাংলার নির্মাণ মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো করতে পারবে? আমি বাংলার মানুষকে বলতে এসেছি এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ভুল করলে এবার বাংলায় ভাইপোর শাসন হবে, মমতা দিদির শাসন থাকবে না৷ আপনারা ভাইপোর শাসনে থাকতে চান? এবার পরিবর্তন করতে হবে৷’ মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও এনেছেন অমিত শাহ৷ তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষের কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেশ্য নয় । বাংলার মানুষের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো করাই ওনার উদ্দেশ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। ওনাদের সঙ্গীদেরও দেখুন একই অবস্থা৷ বিহারে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, অসমে তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈ, মহারাষ্ট্রে বালা সাহেব ঠাকরের নাতি আদিত্য ঠাকরের মতোই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রয়েছে৷ বাংলার যুবসমাজের নাম কোথাও পাবেন না৷ আপনাদের নাম নেই তৃণমূল কংগ্রেস এর তালিকায়। বিজেপি পরিবারবাদের রাজনীতি করে না। পরিবারবাদের রাজনীতির শেষ করতে হবে৷’
