পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয় যাত্রী। শনিবার গভীর রাতে জারি করা এক পরামর্শে আবুধাবির ভারতীয় দূতাবাস জানায়, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়, অস্থায়ী ও সতর্কতামূলক আকাশসীমা বন্ধের ফলে যাত্রীদের সমস্যা হচ্ছে। তবে ইউএই সরকার এবং বিমান সংস্থাগুলি ভারতীয় যাত্রীদের সহায়তায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমেরিকা–ইজরায়েল এবং ইরান মধ্যে সংঘাত ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানের পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার একাধিক ঘাঁটি ও শহরকে নিশানা করেছে। দুবাই, দোহা, রিয়াধ, বাহরিন ও কুয়েতের আকাশপথে উড়ান স্থগিত করা হয়েছে। বিস্ফোরণের খবর মিলছে সংযুক্ত আরব আমিরশাহি এবং পার্শ্ববর্তী অঞ্চলেও। এই পরিস্থিতিতে দুবাই ও আবুধাবি বিমানবন্দরে বহু যাত্রী আটকে পড়েছেন। এগুলি আন্তর্জাতিক ট্রানজিটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় ভিড় দ্রুত বেড়েছে।  আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় যাত্রী সঞ্জীব মেহতা জানান, তিনি সপ্তাহান্তে বন্ধুর অনুষ্ঠানে যোগ দিতে এসে এখন বিমানবন্দরে আটকে পড়েছেন। তাঁর কথায়, বিমানবন্দরে একাধিক অ্যালার্ম বেজে ওঠে এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

এই উত্তেজনার আবহে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসায় একের পর এক বিমান বাতিল করা হয়েছে, যার ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত ভারতীয় যাত্রী। এই সঙ্কটজনক পরিস্থিতিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন ‘জান্নাত’ খ্যাত এই তারকা।