শুল্কযুদ্ধের মধ্যে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা ৷ শুক্রবার সেই কথা সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আলাস্কায় আয়োজিত সেই বৈঠককে এবার স্বাগত জানাল ভারত ৷ বিষয়টি নিয়ে সমর্থনের বিবৃতি দিল বিদেশমন্ত্রক ৷ শনিবার প্রকাশিত বিবৃতিতে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আগামী 15 অগস্ট আমেরিকা এবং রাশিয়া বৈঠককে স্বাগত জানাচ্ছে ভারত ৷ এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্পর্কে আশাবাদী ভারত ৷ বৈঠকের ফলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পথও খুলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার বলেছেন ‘এটি যুদ্ধের সময় নয়’ ৷ এই আবহে দুই দেশের এই প্রচেষ্টার পাশে রয়েছে ভারত ৷” আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করেছে ভারত ৷ সুতরাং, নয়াদিল্লির এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷