মশাবাহিত রোগের কারণ যাতে কোনওভাবেই দুর্গাপুজো কমিটিগুলি না-হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি। আর সেখানেই মশা জন্ম দেওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে না তো ? খোঁজ নিতে তৎপর কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। কলকাতা কর্পোরেশনের তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে ৷ ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোল আধিকারিকদের কাছে। আর সেই মতো নোটিশ পেয়েছেন খোদ অতীন ঘোষও। ডেপুটি মেয়র বা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ হলেও কাউন্সিলর হিসেবে তিনি চিঠি পেয়েছেন ৷ এদিকে তিনি বেলগাছিয়ার বিধায়ক ৷ তাই বেলগাছিয়া এলাকা থেকেই তিনি এই অভিযান শুরু করেছেন ৷ মঙ্গলবার বেশকিছু নামকরা দুর্গাপুজো কমিটির মণ্ডপ ঘুরে দেখবেন। নির্দেশিকা অনুসারে কমিটিগুলি খেয়াল রাখছে কি না। তাঁর কথায়, “পুজো উদযাপন করুন, ডেঙ্গি নয়।” পাঠানো চিঠিতে বলা হয়েছে, শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে যে প্যান্ডেলগুলি তৈরি হচ্ছে, সেখানে বাঁশের তৈরি কাঠামো-সহ অন্যান্য জায়গায় সামান্যতম জমা বৃষ্টির জলে জন্মাতে পারে ডেঙ্গিবাহক মশা এডিস ইজিপ্টাই কিংবা এডিস অ্যালবোপিকটাস। মশার দেহের ভিতরে থাকতে পারে ডেঙ্গি ভাইরাস। এর ফলে প্যান্ডেল সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি। তাই পরিস্থিতির গুরুত্ব বিচার করে সংশ্লিষ্ট সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সমস্যা সমাধানের জন্য বাঁশের ডগার কাটা অংশটি বালি কিংবা মাটি দিয়ে বুজিয়ে ফেলতে হবে। কাপড় দিয়ে বেঁধে দিলেও হবে। এছাড়াও নির্মীয়মাণ দুর্গাপুজো প্যান্ডেলের ভিতরে কিংবা বাইরে কোথাও গর্ত বা অন্য কোনও জায়গায় বৃষ্টির জল যাতে না জমে ৷ তাও খতিয়ে দেখতে হবে। প্যান্ডেল-সংলগ্ন এলাকায় বা রাস্তার ধারে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বাঁশের তৈরি কাঠামোর ভিতরেও মশার বংশবৃদ্ধি রুখতে নজরদারি চালাতে হবে। নির্মীয়মাণ কাজ পুজো প্যান্ডেলগুলিতে কোথাও মশার উৎস তৈরি হয়েছে কি না, খোঁজ করবেন কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা। চিঠির শেষে লেখা হয়েছে, কর্মীদের কাজে সহযোগিতা করুন এবং প্যান্ডেল তৈরির জায়গা মশা-মুক্ত রাখুন। অতীন ঘোষ বলেন, “ডেঙ্গি নিয়ে অ্যাডভাইজারির জারি করল কলকাতা কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ। দুর্গাপুজো কমিটিদের জন্য জারি করা হয়েছে অ্যাডভাইজারি। দুর্গাপুজো প্যান্ডেল তৈরির সময় বিশেষ নজরদারি রাখতে হবে। এমনটাই সতর্ক করা হয়েছে পুজো কমিত্তিগুলিকে। নির্দেশিকায় মণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমা জল থেকে ডেঙ্গির বাহক মশা জন্মাতে পারে। তাই মণ্ডপের আশপাশ খেয়াল রাখতে হবে কর্মকর্তাদের।”

