সম্প্রতি সোশাল মিডিয়া একটি ছবি দিতেই বিতর্কে জড়ান কালীঘাট থানার ওসি গৌতম দাস। ওই ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল ৷ তাতে দেখা গিয়েছে, একটি বন্দুক হাতে থানায় চেয়ারে বসে রয়েছেন গৌতম দাস ৷ সেই ছবি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পোস্ট করেছিলেন গৌতম ৷ এমনটাই দাবি তৃণমূলের ৷ নির্বাচন পর্বে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে বরখাস্ত করল কলকাতা পুলিশ ৷ তাঁর পরিবর্তে কালীঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চামেলি মুখোপাধ্যায় ৷ সূত্রের খবর, পুলিশের উর্দিতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে পোস্ট করেছিলেন গৌতম দাস। ছবির ক্যাপশনে লেখা ছিল, “নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।” এই পোস্ট ঘিরেই বিতর্কের সৃষ্টি হয় এবং তা নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের সামিল। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দকে লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে ৷ তৃণমূলের অভিযোগ, নির্বাচনের সময় একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের এই ধরনের পোস্ট নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং তা আচরণবিধির পরিপন্থী। ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সাসপেন্ড হওয়া ওসি গৌতম দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।