এবার কলকাতার শীত টানা দাপুটে উপস্থিতি জানান দিচ্ছে । রাজ্যজুড়েই শীতের দাপুটে উপস্থিতিতে শীত বিলাসীরা উপভোগ করছেন । আজ মরশুমের শীতলতম দিন। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে ৷ যা স্বাভাবিকের থেকে.৩.৭ ডিগ্রি নীচে ৷ মঙ্গলবার সকাল সাড়ে ছ’টায় আবহাওয়া দফতরের দেওয়া বুলেটিনে জানা গিয়েছে, কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস ৷ সোমবার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধুই শহরে নয়, শহরতলিতে তাপমাত্রা নেমেছে সিঙ্গল ডিজিটে। সোমবার রাতে ব্যারাকপুরের তাপমাত্রা নেমেছে ৯.১ ডিগ্রি সেলসিয়াসে, সল্টলেকের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ৮ ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি নীচে ৷ এখনও পর্যন্ত ১১ ডিগ্রির ঘরে পারদ ঘোরাফেরা করলেও এই শীতের মরশুমে প্রথমবার ১০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা ৷ যা, হয়ত সাম্প্রতিক সময়ে দেখা যায়নি ৷ বলা যায়, কলকাতা তথা সারা রাজ্য হাড়কাঁপানো শীতের কবলে ৷ ঘন কুয়াশার দাপট, বৃষ্টির হালকা ছোঁয়া এমনকী তুষারপাতও এবারের শীতের সঙ্গী । যা আগামী সাতদিন প্রবলভাবে বঙ্গের আবহে উপস্থিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “শীতল দিনের পরিস্থিতি রাজ্যের নয় জেলায় । উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর । দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শীতল দিনের পরিস্থিতি ।”দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নীচে থাকবে । সর্বোচ্চ বা দিনের তাপমাত্রাও একইরকমভাবে নিম্নমুখী । ফলস্বরূপ দিনের বেশিরভাগ সময়ে এমনকী সূর্য ডোবার পরেও জমিয়ে শীতের অনুভূতি থাকবে বঙ্গের বাতাসে । দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে । রাজ্যজুড়ে আজ ভোর এবং সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ, তবে বেলায় তা পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশে থাকবে ৷

