‘কাউন্টিং ডে’-র আগে দলের গণনাকেন্দ্রের এজেন্টদের সতর্ক করতে আগামী শনিবার বিকেলে এক ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সভার ঠিক আগেই, গণনার চূড়ান্ত ব্লু-প্রিন্ট এবং রণনীতি স্থির করতে শুক্রবার কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে করেন তিনি।তৃণমূল সূত্রে খবর, সোমবারের ভোটগণনা প্রক্রিয়ায় কাউন্টিং এজেন্টদের ঠিক কী ভূমিকা হবে, বিরোধী শিবিরের চাপ কীভাবে সামলাতে হবে এবং ইভিএম নিয়ে কোনোরকম কারচুপির আশঙ্কা রুখতে কী ধরনের পদক্ষেপ করতে হবে, তা নিয়েই দুই শীর্ষ নেতার

মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের 294টি বিধানসভা আসনের গণনাকেন্দ্রে বিরোধী দলগুলি বিভ্রান্তি বা প্ররোচনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৃণমূলের৷ এই নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা দিয়েছেন৷ সেখানে তিনি দাবি করেন তৃণমূল 226টিরও বেশি আসনে জয়লাভ করবে। দলনেত্রীর এই বার্তা পাওয়ার পর তৃণমূল কর্মীরা যাতে কোনোভাবেই আত্মতুষ্টিতে না ভোগে, সেই সতর্কবার্তা দিতে এবং কাউন্টিং এজেন্টদের মানসিক দিক থেকে প্রস্তুত রাখার কথা বলতে শনিবার বিকেল 4টের সময় ভার্চুয়াল বৈঠকের ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।