হাতে মাত্র একটা দিন। সোমবারই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। তার ঠিক আগে, শনিবার ২৯৪ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার প্রায় ঘণ্টা তিনেক ভারচুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়া আরও খবর, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে মমতার বার্তা, ‘‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না। ১০০০ বা ২০০-৩০০ ভোটে কোথাও জিতলে পুনর্গণনা চাইবেন। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। দরকারে গণনাকেন্দ্রের কাছে কোনও হোটেলে থেকে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।” ওইদিন কর্মীদের ডায়েট নিয়েও সতর্কবার্তা দিয়েছেন নেত্রী। তাঁর কথায়, ‘‘কাউন্টিং এজেন্টরা হালকা খাবার খাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। পান, বিড়ি, সিগারেট ওইদিন বা আগেরদিন কেউ নেবেন না। কাউন্টিং সেন্টারে চা খেতে না দিলে ওদেরই ব্যবস্থা করতে বলবেন।”

