দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রশ্নে অবস্থান যা ছিল তাই থাকবে, তবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্য়াচ খেলার অনুমতি দিল কেন্দ্র ৷ বুধবার বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ আন্তর্জাতিক স্তরে যে কোনও ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান কী হবে ? তা জানিয়ে এদিন নয়া পলিসি ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ আর নয়া পলিসি মোতাবেক এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হল ৷ নয়া পলিসির প্রথমেই ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কথা যদি বলা যায় তাহলে ভারতীয় দল পাকিস্তানে কোনও প্রতিযোগীতায় অংশ নেবে না ৷ একইভাবে পাকিস্তান দলকেও এদেশে আসার ব্য়াপারে অনুমোদন দেওয়া হবে না ৷ তবে দ্বিপাক্ষিক সিরিজের গণ্ডি ছাড়িয়ে প্রশ্নটা যদি হয় আন্তর্জাতিক ইভেন্ট অথবা মাল্টিন্যাশনাল ইভেন্ট, সেক্ষেত্রে সুর নরম করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, দেশে কিংবা বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়ার আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের খেলোয়াড়দের কথা শুনেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷ সেক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্বাসযোগ্য ভেন্যুর বিষয়টিও যে মাথায় রাখা হবে, তাও স্পষ্ট করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ অর্থাৎ, পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে নয়া পলিসিতে ৷ আন্তর্জাতিক ইভেন্টের ক্ষেত্রে কেবল ভারতীয় দল নয়, ব্যক্তিগত স্তরেও ভারতীয় অ্যাথলিটদের পাক প্রতিযোগীদের বিরুদ্ধে খেলতে কোনও অসুবিধা নেই বলেও জানানো হয়েছে পলিসিতে ৷ পাশাপাশি ভারত আয়োজক হলেও পাক দল কিংবা অ্যাথলিটদের এদেশে আন্তর্জাতিক ইভেন্টে যোগদানে কোনও সমস্য়া নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ সম্প্রতি শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এশিয়া কাপে ভারত-পাক ম্য়াচ নিয়ে সুর চড়িয়েছিলেন ৷ মহাদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না ৷ কিন্তু বিসিসিআই’য়ের ক্ষেত্রে রক্ত এবং রেভিনিউ একসঙ্গে বইতে পারে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি লিখেছি এটা জানতে চেয়ে যে, বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতীয় দলকে পাঠাচ্ছে এ ব্য়াপারে সরকার কী হস্তক্ষেপ করছে ৷” তিনি আরও লেখেন, “ন্য়াশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্য়ান্ড ট্রেনিং পহেলগাঁও হামলার উপর একটি অধ্য়ায় পাঠ্যপুস্তকে যোগ করার প্রস্তাবনা এনেছে ৷ বিসিসিআই আধিকারিকদের কাছে সেই পাঠ্যপুস্তক প্রথমে পাঠানোর ব্যবস্থা করা হবে কি ? আমরা বিশ্বস্তরে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য সাংসদ প্রতিনিধিদের দেশে-দেশে পাঠাচ্ছি আর বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলছে ৷ এর ব্যাখ্য়া করার জন্য প্রতিনিধিদের পাঠানো হোক ৷”


