বৃষ্টি এখনই পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের ৷ ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরও ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও বজায় থাকবে ৷ হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা পটনা, বাঁকুড়া এবং দিঘা উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে আগামী বুধবার উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার দক্ষিণের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । রবিবার উত্তরবঙ্গের উপরের ৫টি জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও উত্তর দিনাজপুরের এক-দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । বুধ এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

