ভাঙড়ে 100টি বোমা উদ্ধারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে তদন্তে নামছে NIA (National Investigation Agency) ৷ রবিবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) বোমা উদ্ধারের ঘটনার তদন্তে একটি মামলা দায়ের করেছে । তদন্তকারী সংস্থার মুখপাত্র রবিবার গভীর রাতে এক বিবৃতিতে জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এই সন্ত্রাস-দমনকারী সংস্থাটি রবিবার সেই মামলাটি নথিভুক্ত করেছে ৷ যা শনিবার কলকাতার ভাঙড় বিভাগের উত্তর কাশী থানায় দায়ের করা হয়েছিল ৷ এরপরই সংস্থাটি তদন্তভার গ্রহণ করে ।
ওই মুখপাত্র আরও জানান, এই মামলাটি কলকাতা পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া দেশি বোমা এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনার সঙ্গে সম্পর্কিত । এই সামগ্রীগুলো একটি নির্দিষ্ট স্থানে মজুত করে রাখা হয়েছিল ৷ যা মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিপদ ডেকে আনতে পারত ৷ বোমা এবং তা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, ‘ভারতীয় ন্যায় সংহিতা (BNS), 2023’ এবং ‘বিস্ফোরক পদার্থ আইন, 1908’-এর প্রাসঙ্গিক ধারার অধীনে এই এফআইআর (নং 62/2026) দায়ের করা হয়েছে ।
বিষয়টি নিয়ে একজন সরকারি আধিকারিক জানান, রবিবার নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে যেন তারা ভোটের মুখে অবৈধভাবে বোমা তৈরির কাজে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান শুরু করে । কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই ধরনের যে কোনও বিস্ফোরক তৈরির সঙ্গে সম্পর্কিত সমস্ত মামলার তদন্ত করবে জাতীয় তদন্ত সংস্থা (NIA)।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণের মাত্র দু’দিন আগে, দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশটি জারি করা হয় । ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী বলে অভিযোগ রয়েছে ।

