দেশ রাজনীতি

এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নীতীশ কুমার, বৃহস্পতিতে শপথ নতুন মন্ত্রিসভার

দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার ৷ তাঁকেই নেতা নির্বাচিত করলেন এনডিএ-র বিধায়করা ৷ বৃহস্পতিবার পটনার গান্ধি ময়দানে শপথ নিতে চলেছে নতুন মন্ত্রিসভা ৷ এনডিএ’র নেতা হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন গত মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ৷ এর আগে বিজেপি বিধায়করা সম্রাট চৌধুরিকে নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেন ৷ সম্রাটের পাশাপাশি আরও এক বিজেপি নেতা বিজয় কুমার সিনহা উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ৷ এবারও এই দু’জন উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে জানা গিয়েছে ৷ শাসক জোটের নেতা নির্বাচিত হওয়ার আগে প্রত্যাশিতভাবেই নিজের দল জেডিইউয়ের নেতা হন নীতীশ ৷ এনডিএ’র নেতা নির্বাচিত হওয়ার পর রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করেন জেডিইউ সুপ্রিমো ৷ তাঁর সঙ্গে ছিলেন এনডিএ’র বিভিন্ন নেতারা ৷ লোক জনশক্তি পার্টির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের পাশাপাশি আরএলএমের প্রধান উপেন্দ্র কুসওয়া এবং উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা উপ-মুখ্য়মন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য নীতীশের সঙ্গে রাজভবনে যান ৷ জানা গিয়েছে, সংসদীয় রীতি মেনে বিদায়ী সরকারের প্রধান হিসেবে পদত্যাগ করার পাশাপাশি নতুন সরকার গঠনের দাবিও পেশ করেন তিনি ৷ এরপরই শপথগ্রহণের দিন ঠিক হয় ৷ তবে আগামিকাল, নীতীশের সঙ্গে মোট কতজন মন্ত্রী শপথ নিতে চলেছেন তা এখনও স্পষ্ট নয় ৷ গত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর ৷ তাঁর ৪৮ ঘণ্টা আগেই শপথ নিচ্ছে নীতীশের মন্ত্রিসভা ৷ তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে গত মন্ত্রিসভায় থাকা বেশ কয়েকজন এবারও মন্ত্রী হতে চলেছেন ৷ তালিকায় আছেন, বিজেন্দ্র প্রসাদ শর্মা, বিজয় কুমার চৌধুরি, শ্রবণ কুমার, মদন সাইনি এবং লেসি সিং ৷ এঁদের মধ্যে কারও কারও দফতর বদলের সম্ভাবনা প্রবল ৷ এনডিএ’র একমাত্র সংখ্যালঘু বিধায়ক জেডিইউর জামা খান ৷ এর আগে তিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ছিলেন ৷ এবারও তিনি একই দফতরের দায়িত্ব পেতে চলেছেন ৷