রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ৷ ভয়াবহ আগুনে পুড়ে জখম হলেন একই পরিবারের ৭ জন সহ মোট দশ । একটি বাড়ি থেকে আগুন ছড়িয়ে যায় পাশের দুটি বাড়িতে । ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি তিনটি বাড়ি । মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বেলসাণ্ডা প্রাথমিক স্কুলের পাশে । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ । আহতদের মধ্যে এক যুবক ও এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে । জানা গিয়েছে, মণ্ডল পরিবারের কর্ত্রী রাতের রান্না করছিলেন । সেইসময় গ্যাস লিক করে আগুন ধরে । মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে । আগুন পাশের দুটি বাড়িতেও ছড়িয়ে পড়ে । দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা ৷ এরপরেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় । উদ্ধার ও আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা । রান্নার গ্যাস জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায় । ঘটনায় অগ্নিদগ্ধ হন প্রায় ১০ জন । সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগরদিঘি ব্লকের বিডিও সঞ্জয় শিকদার । বিডিও বলেন, “শুনেছি একটি বাড়িতে প্রথমে আগুন লাগে । সেখান থেকে পাশের বাড়িতেও আগুন ধরে যায় । গ্যাস সিলিন্ডার ফেটে ১০ জন আহত হয়েছে ।” স্থানীয় বাসিন্দা রোহেল শেখ বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা প্রায় 15 জন স্কুলের ছাদ দিয়ে ওই বাড়িতে ঢুকি । অগ্নিদগ্ধদের উদ্ধার করে বাইরে নিয়ে আসি । তারপর তাঁদের হাসপাতালে পাঠাই ৷” ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সন্ধ্যা মণ্ডল বলেন, “মা রাতের জন্য মাছের ঝোল রান্না করছিল । পাশে ভাই ছিল । ফোন আসায় আমি বাড়ির বাইরে চলে আসি । তখনই আগুন ধরে । তার কিছুক্ষণ পরেই বিকট শব্দ হয় । তাতেই আগুন আরও তীব্রতর হয় ।”
মুর্শিদাবাদে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ একই পরিবারের ৭ জন সহ ১০
Byবঙ্গনিউজ
Aug 20, 2025
