পরপর পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে ৷ সোমবার ভোররাতে রায়গড় ও ধুলে জেলায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 14 জনের ৷ ধুলে জেলার ভয়াবহ পথ দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত 26 জন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রায়গড়ে ভোর পাঁচটা নাগাদ মহাবালেশ্বর-পোলাদপুর সড়ক থেকে একটি পর্যটকভর্তি স্করপিও গভীর খাদে পড়ে যায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাদটির গভীরতা প্রায় 1000 ফুট ৷ সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই খাদে পড়ে আট পর্যটকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই যুবক ৷ মৃতদেহগুলি উদ্ধার করতে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয় ৷ পুলিশ সূত্রে খবর, পর্যটকরা দাপোলি থেকে সাতারা যাচ্ছিলেন । সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ সোমবার সকালে গভীর খাদ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে ৷ এদিকে, গতকাল থেকে খোঁজ না-মেলায় মৃতদের আত্মীয়-স্বজনরা খোঁজাখুজি শুরু করেন এবং পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন । পুলিশি তদন্তে জানা যায়, পোলাদপুরের কাছে আম্বেনালি ঘাট এলাকায় দুর্ঘটনার পর পর্যটকদের ফোনগুলি বন্ধ হয়ে যায় ৷ তল্লাশি চালানোর সময় সোমবার সকালে পুলিশ 1000 ফুট গভীরে চারচাকাটিকে দেখতে পায় ।

