পুলিশের অনুমতি নিয়ে পুনরায় চালু হল দক্ষিণ কলকাতা আইন কলেজ । সপ্তাহের প্রথম দিনে কলেজে আসেন প্রথম বর্ষের পড়ুয়ারা । পড়ুয়াদের পরিচয় পত্র দেখে কলেজে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা । তবে আগেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার শুধুমাত্র অফিসের কাজকর্ম হচ্ছে । মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে এলএলএমদের । এদিন প্রথম বর্ষের পড়ুয়ারা কলেজে আসছেন অভিভাবকদের সঙ্গে । তাঁদের সবারই গলায় ধরা পড়েছে উদ্বেগ ও আতঙ্ক । এক ছাত্রীর মা বলেন, “আমরা এগুলো কিছু আশা করিনি । সব স্বাভাবিক ছিল । ভয় তো আছেই এই ঘটনার পর । কলেজ কর্তৃপক্ষকে বলব নিরাপত্তাকে আরও কঠোর করতে । কোর্ট থেকে নির্দেশ দিয়েছে, আপাতত ইউনিয়ন রুম বন্ধ থাকুক । সেই নির্দেশ খুব ভালো । মূল অভিযুক্ত কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে । ফর্ম ফিল-আপের জন্য দরকার হলে ও-ই উত্তর দিত কলেজের তরফে । কোনও সমস্যায় পড়লে ও-ই কথা বলত আমাদের সঙ্গে ।” বহু ছাত্র পরীক্ষার ফর্ম ফিল-আপের জন্য কলেজে আসছেন । সৌম্যদীপ মণ্ডল নামে এক ছাত্র জানান, “আমার কলেজের যে বান্ধবীরা রয়েছে, তাদের সঙ্গে ফোনে একবার কথা হচ্ছিল ঘটনার পর । তারা বলছিল, ওদের বাড়ি থেকে ছাড়তে ভয় পাচ্ছে । নিশ্চিন্ত হয়ে কলেজে আসতে পারছে না তারা । কিন্তু আসতে তো হবেই । কারণ সামনে পরীক্ষা আছে ।” আরও এক ছাত্র সুব্রত হালদার জানান, “আমাদের পরীক্ষার জন্য রোস্টারে কিছু ক্লাস চলছিল । পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে । পড়াশোনাতে ব্যাঘাত তো ঘটবেই ।”