বিধানসভা ভোটের মুখে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা! রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ইডি তলবের পর এবার ডাক পেলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু, রথীন ঘোষ। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে তাঁদের দু’জনকে ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে এবং ৮ তারিখ মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছে। এই মুহূর্তে দু’জনেই ভোটপ্রচারে দারুণ ব্যস্ত। তাই ইডির তলবে সাড়া দিয়ে সল্টলেকের দপ্তরে হাজিরা দেবেন নাকি আরও সময় চাইবেন, সেটাই দেখার। চলতি সপ্তাহে আচমকাই জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি সোমবার নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান। এরপর আবার শুক্রবার ডেকে পাঠানো হয়। প্রচারের ব্যস্ততার মাঝে এদিনও দেবাশিস কুমার সময়মতো হাজিরা দিয়েছেন। এরপরই শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহের সোমবার সুজিত বসু ও বুধবার রথীন ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

