ধর্ষণে অভিযুক্তের জামিন এবং মন্ত্রীর বিতর্কিত মন্তব্য-জোড়া ইস্যুতে এবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন এবং বিজেপি শরিক নেতা ওমপ্রকাশ রাজভরের মন্তব্যকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের ‘নারী সুরক্ষা’র দাবিকে কার্যত ধূলিসাৎ করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এটাই কি বিজেপিশাসিত রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর আসল রূপন? বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ঝাঁঝালো পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপিশাসিত রাজ্যে নারীর সম্মান আজ ভূলুণ্ঠিত । তিনি লেখেন, “ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পেয়েছেন । অন্যদিকে, বিজেপির শরিক তথা উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর ধর্ষণের শিকার হওয়া নিগৃহীতাদের নিয়ে উপহাস করছেন।” প্রসঙ্গত, উন্নাওকাণ্ডের পর দেশজুড়ে এই নিয়ে কঠোর সমালোচনা হলেও এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন পাওয়া এবং সম্প্রতি যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বিতর্কিত মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছে। সেই ইস্যুকেই এবার হাতিয়ার করলেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। বিজেপির শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক । তাঁর কথায়, এত বড় ঘটনার পরেও বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মুখে কুলুপ। দেশজুড়ে বিজেপির নেতারা চুপ করে আছেন । এই ‘নিশ্চুপ’ থাকাটাকেই অন্যায়ের প্রতি পরোক্ষ সমর্থন বলে দাগিয়ে দিয়েছেন তিনি। অভিষেকের কটাক্ষ, আজ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ‘বেটি বাঁচাও’ স্লোগানের এই নগ্ন রূপই বেরিয়ে এসেছে । স্লোগান আর বাস্তবের মধ্যে যে আকাশ-পাতাল তফাত, তা ফের প্রমাণিত। সোশাল পোস্টের শেষে বিচারব্যবস্থা ও প্রশাসনিক উদাসিনতা নিয়ে আবেগঘন ও কড়াবার্তা দিয়েছেন অভিষেক । তিনি লিখেছেন, “যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা বিচারপ্রার্থী মেয়েদের অপমান করেন, তখন বুঝতে হবে-আমরা প্রতিটি কন্যা, প্রতিটি নারী এবং প্রতিটি পরিবারের কাছে ব্যর্থ, যারা একটু ন্যায়বিচার চেয়েছিলেন।” রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে বিজেপি যখন লাগাতার রাজ্য সরকারকে নিশানা করছে, ঠিক তখনই পালটা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের নারী নিরাপত্তা মডেলকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন অভিষেক । অপরাধীদের জামিন এবং মন্ত্রীদের অসংবেদনশীল মন্তব্য যে ‘বেটি বাঁচাও’ স্লোগানের পরিপন্থী, সেটাই স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

