গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন পুরসভার শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন৷ এবার পদত্যাগের ধাক্কা এসে লাগল কলকাতা পুরনিগমে৷ বুধবার ইস্তফা দিলেন তৃণমূলের দুই কাউন্সিলর সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী৷ যদিও তাঁরা কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি৷ সুশান্ত ঘোষ ছিলেন কর্পোরেশনের 12 নম্বর বরোর চেয়ারম্যান৷ তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ অন্যদিকে অরূপ চক্রবর্তী ছিলেন মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য৷ ওই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ইস্তফা পর্ব মিটতেই নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক উচ্চস্থানীয় নেতাদের নিশানা করলেন সুশান্ত ও অরূপ। বললেন, “হার স্বীকার তো করতেই হবে। ভোটে হারের পর ২৪, ২৫ দিনে কোনও মন্ত্রীকে দেখা যায়নি। তাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না।” তারপরই তাৎপর্যপূর্ণভাবে ধন্যবাদ জানালেন বিজেপিকে। তবেই শুরু চর্চা, এবার কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন অরূপ-সুশান্তরা? ছাব্বিশের ফল প্রকাশ্যে আসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেছিলেন, তিনি হারেননি। এই যুক্তিতে ইস্তফাও দেননি তিনি। তা নিয়ে চর্চাও হয়েছে বিভিন্ন মহলে। এবার তৃণমূলের দুই কাউন্সিলর বললেন, “হার স্বীকার তো করতেই হবে।” এখানেই থামেননি সুশান্ত ঘোষ-অরূপ চক্রবর্তীরা। তাঁরা বলেন, “ভোটে হারের পর ২৪, ২৫ দিনে কোনও মন্ত্রীকে দেখা যায়নি। তাঁরা জেড প্লাস, ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে ঘুরতেন, কেউ নেই রাস্তায়। যাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না। ধন্যবাদ বিজেপিকে। তাঁরা আমাদের ঘরছাড়া ছেলেদের ঘরে ফেরাতে সাহায্য করেছেন। জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব, ঘরছাড়াদের ঘরে ফেরানো। শেষতম ব্যক্তিকে ঘরে ফেরানো পর্যন্ত কাউন্সিলর পদে থাকব।”

