মধ্যরাতে পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মেট্রোর সুড়ঙ্গে গেলেন ওই যুবক? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, মৃতের যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। গোটা ঘটনায় সব থেকে বড় প্রশ্ন, এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে সুড়ঙ্গে নামলেন ওই যুবক? নিরাপত্তারক্ষীদের ভূমিকাও আতসকাঁচের নিচে।

