ফের শহরের ব্যস্ততম রাস্তায় বেপরোয়া গতির বলি । মঙ্গলবার রাতে ভিআইপি রোডের কেষ্টপুর প্রফুল্ল কানন সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের । গুরুতর জখম হয়েছেন এক অ্যাপ-বাইক চালকও ।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ভিআইপি রোড অবরোধ করে রাখেন । পরিস্থিতি সামাল দিতে এসে জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে ৷ তাদের লক্ষ্য করে চালানো হয় ইটবৃষ্টি । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজা রথি (65) । তিনি নারায়ণতলা এলাকার বাসিন্দা । মঙ্গলবার রাতে বড়বাজার থেকে কাজ সেরে একটি অ্যাপ-নির্ভর মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উলটোডাঙা থেকে এয়ারপোর্টগামী লেনে প্রফুল্ল কাননের কাছে রাস্তায় থাকা একটি গার্ডরেলকে পাশ কাটাতে যায় একটি দ্রুতগতির লরি । ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে ধাক্কা মারে সামনে থাকা ওই অ্যাপ-বাইকের পিছনে । লরির তীব্র ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন আরোহী ও চালক দু’জনেই । ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজা রথির । অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক শিবেশ ঝাঁ-কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । তাঁর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে । দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । তাঁরা দ্রুত ভিআইপি রোডের ওপর পথ অবরোধ শুরু করেন ৷ এর জেরে এয়ারপোর্টগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে । উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । পুলিশের সঙ্গে স্থানীয়দের একপ্রস্থ খণ্ডযুদ্ধ বেঁধে যায় । পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী । দীর্ঘক্ষণের চেষ্টায় ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে এবং কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয় ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “রাস্তার মধ্যে কেস দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে ৷ আর তার জন্য আজকে এই দুর্ঘটনা ঘটল ৷ সরকার বদল হয়েছে পুলিশের ব্যবহারে বদল হয়নি ৷ পুলিশ মানুষের নিরাপত্তার জন্য কোনও পদক্ষেপ নেয় না ৷ এখানে ট্রাফিক গার্ড আছে সেখানে পুলিশ নেই ৷ অটোস্ট্য়ান্ডটাকে সরাতে হবে আগে এখান থেকে ৷ প্রশাসনের কাছে নিরাপত্তার দিকটা দেখার আবেদন জানাচ্ছি ৷”

