?> বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তেও দক্ষিণবঙ্গে বিলম্বিত বর্ষা, বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

চলতি মাসে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ বোধহয় হবে না। দক্ষিণবঙ্গে বর্ষা কবে এই নিয়ে কোনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিতে পারছে না। চলতি সপ্তাহে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আশাবাদী হওয়ার কারণ নেই ৷ হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হলেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দেশজুড়ে বর্ষার বিরতি চলছে ৷ বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে জুন মাসের তৃতীয় সপ্তাহ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম এখন দক্ষিণবঙ্গে ৷ আজও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে উপকূলের জেলাগুলিতে ৷ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামিকাল ও পরশু অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্রবারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ৷ শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ সর্বনিম্ন ৫৭ শতাংশ ৷