স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকালে । এই অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া । তারা চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে । সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে । অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এবং হাসপাতালের চিকিৎসকরা । প্রায় ৩৯ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি আছেন বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকলের শারীরিক অবস্থা দেখে তার পর হাসপাতাল থেকে ছাড়া হবে । হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের দেখে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বৃষ্টি হয়েছে । তার সঙ্গে গরম । সকালে খাবার দেওয়া হয়েছিল । কিন্তু অনেকেই অনুষ্ঠানের কারণে তখন খায়নি । তারপর বৃষ্টি হওয়ায় চুলগুলো ভিজে গিয়েছিল । ভেজা চুলে এতক্ষণ থাকায় শরীর অসুস্থ হয়ে পড়েছে । তার সঙ্গে না-খেয়ে থাকা এবং একজনকে অসুস্থ হতে দেখে অন্যজন অসুস্থ হয়ে পড়ে । আমি চুলগুলো খুলে দিয়ে এলাম । মাথায় হাত বুলিয়ে মিষ্টি খাইয়ে এলাম । ভবানীপুর, আলিপুরদুয়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আছে ।”

