রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা অনুষ্ঠানস্থলে পৌঁছনোর আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই চলতে থাকে অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে ৬ জন পুলিশকর্তাকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আকর্ষণ বিশেষ ছিল পর্যটন দফতরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে ট্যাবলো ৷ এছাড়াও তথ্য ও সংস্কৃতি, মহিলা ও শিশু উন্নয়ন, স্কুল শিক্ষা, শ্রম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষও জমকালো কুচকাওয়াজ হয় । এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ৷ কুচকাওয়াজের পাশাপাশি পরিবেশন করেন সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান । স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছাবার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর সাফ বার্তা, ‘দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে।’ শুক্রবার সকালে এক্সহ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানেই তিনি লেখেন, ‘আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই। এই মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন-এর এর মতো সোনার ছেলে-মেয়ের। এই বাংলাই সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।”

