মধ্যরাত থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জারি বৃষ্টির লাল সতর্কতা । নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্ত অক্ষরেখার উপস্থিতির কারণেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস । গত দুই তিনদিন ধরেই বৃষ্টি কমতেই অসহ্য গরম বেড়েছে । সোমবার রাত থেকে পরিস্থিতি বদল হতে শুরু করেছে । আলিপুর আবহাওয়া অফিস মধ্যরাতে যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে হুগলি, হাওড়া ও কলকাতার কিছু অঞ্চলে তীব্র বৃষ্টিপাত-সহ দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে । এই পরিস্থিতি মঙ্গলবার সকাল পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । তার প্রভাবে আগামী 24 ঘণ্টার মধ্যে সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে । রাজ্যে ফের সরে এসেছে মৌসুমী অক্ষরেখা । তা দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র । বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধ করা হয়েছে ।