ঘন কুয়াশায় ভয়াবহ পথ দুর্ঘটনা ! চারচাকা গাড়ি ও ট্রেলারের সংঘর্ষে 3 জনের মৃত্যু ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার গরম বস্তি এলাকার 31 নম্বর জাতীয় সড়কে ৷ জানা গিয়েছে, হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল চারচাকা গাড়িটি । রাস্তার অপরদিকে অসম থেকে আসছিল ট্রেলারটি । সকালে ঘন কুয়াশায় কিছু দেখতে না-পেয়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির সংঘর্ষ হয় । সংঘর্ষের তীব্রতায় চারচাকা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় ৷ সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ট্রেলারটি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নিমতি পুলিশ ফাঁড়ির ওসি মিঠুন বর্মন ৷ তিনি বলেন, “এদিন সকালে একটি ট্রেলার অসম থেকে আসছিল এবং চারচাকা গাড়িটি (নম্বর WB 16AN 8787) হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল । গরম বস্তি এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এবং সম্ভবত দ্রুত গতির জন্য দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ।”

