নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিক স্তরে জল্পনা, এই রদবদল রুটিন মোতাবেক করা হয়েছে। এর ফলে বিভিন্ন জেলা, রেঞ্জ এবং কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। এই নির্দেশ অনুযায়ী, ২৬ জন আইপিএস ও ডব্লিউবিপিএস অফিসারকে অবিলম্বে বদলি করা হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (আইজিপি পদমর্যাদা) অনুপ জয়সওয়ালকে পশ্চিমবঙ্গ সিআইডির আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, অরিজিৎ সিনহা মেদিনীপুর রেঞ্জের ডিআইজি এবং জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন। আগের একটি পোস্টিং আদেশ বাতিল করে কালিম্পংয়ের এসপি শ্রীহরি পান্ডেকে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি করা হয়েছে। হাওড়া সেন্ট্রালের ডিসি বিশ্বজিৎ মাহাতকে বিধাননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের ডিসি পদে বদলি করা হয়েছে। এছাড়া, বিধাননগরের ট্র্যাফিক ডিসি নিমা নরবু ভুটিয়াকে এসএপি দশম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে। সুজাতা কুমারী বীণাপাণিকে হাওড়া পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার্স ডিসি এবং রাকেশ সিংকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ইস্ট ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, শ্যামল সামন্তকে পশ্চিমবঙ্গ সিআইডির পুলিশ সুপার পদে নিযুক্ত করা হয়েছে, আর রাণা মুখোপাধ্যায় হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের ডিসি। এই বদলির তালিকায় হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, চন্দননগর, হুগলি গ্রামীণ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি কমিশনার, এসডিপিও ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরাও রয়েছেন।

