banganews.net

হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, হাতে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। তাঁকে দেখতে শুক্রবার সকালে ওই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন শারীরিক অবস্থার। মুখ্যমন্ত্রী তাঁকে দেখে এসে জানান, মিঠুন চক্রবর্তী একদম সুস্থ আছেন। তাঁর হাতে একটা অপারেশন হয়েছে। শুক্রবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি তাঁর নিউটাউনের বাড়িতে চলে যাবেন। দু’বছর আগে হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময়ে অস্ত্রোপচার করে তাঁর ডান হাতে প্লেট বসানো হয়েছিল। বৃহস্পতিবার সেই প্লেট বের করার জন্যই অস্ত্রোপচার হয় বলে সূত্রের খবর। অভিনেতার সঙ্গে সাক্ষাতের একঝাঁক ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওঁর সঙ্গে কথা বললাম, ওঁর শারীরিক পরিস্থিতির খবর নিলাম। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’