ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বঙ্গোপসাগরে প্রতিকূল পরিস্থিতি ৷ পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সমুদ্র এলাকায় আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বিশেষ করে আজ 13 অগস্ট বৃহস্পতিবার থেকে বাতাসের গতিবেগ 50 থেকে বেড়ে সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা । প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে । তুলনায় উত্তরবঙ্গে কম বৃষ্টি হবে । এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে । যার প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা । উত্তাল থাকবে সমুদ্র । তাই 15 অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
দক্ষিণবঙ্গে আবহাওয়া
আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জেলায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে সব জেলাতে । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা অব্যাহত থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে । শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু-এক জায়গায় হলেও সতর্কতা নেই ।
উত্তরবঙ্গের আবহাওয়ার
আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই উত্তরে । তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে মালদা এবং দুই দিনাজপুরে । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে । শুক্র ও শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে । রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে । উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে ।

