banganews.net

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক ও কুরুচিকর মন্তব্য ঘিরে যখন রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে, তার মধ্যেই খাস কলকাতায় তাঁর মূর্তি ভাঙচুরের অভিযোগ ৷ নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডে বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নেতাজির একটি মূর্তির ডান হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ বিজেপির । ওই দিনই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বাংলার মাটিতে নেতাজিকে নিয়ে কোনও খারাপ মন্তব্য বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন । এর পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের নজরে আসে মূর্তির ডান হাত ভাঙা । কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে ।” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছন বিজেপি কর্মীরা । বৃহস্পতিবার দুপুরে মূর্তির পাদদেশে জড়ো হয়ে তাঁরা স্লোগান দেন। ওঠে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘নেতাজীর অপমান নহি সহেঙ্গে’ স্লোগান। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা নেতাজির মূর্তি ভাঙচুর করেছে। যদিও কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মূর্তিটি কীভাবে ভাঙা হল, রাতে সেখানে কারা ছিল এবং সিসিটিভি ফুটেজে কোনও সূত্র মেলে কি না, খতিয়ে দেখা হচ্ছে । এদিকে, মূর্তিটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে । ওই জায়গায় নতুন মূর্তি বসিয়ে 15 অগস্ট নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে বলেও দাবি করেছেন দলের কর্মীরা ।