ডায়মন্ডহারবারে তাঁর বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের পালটা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে কলকাতা হাইকোর্টে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন বেলা ১১টা নাগাদ প্রায় নিঃশব্দে আদালতের এফ গেটে পৌঁছয় তাঁর কনভয় । মিনিট দশেকের মধ্যে তিনি ওথ কমিশনারের অফিসে সই করে বেরিয়ে যান। এদিন সেসময় কিছু উৎসাহী তৃণমূলপন্থী আইনজীবী নেতাকে দেখে ভিড় করার চেষ্টা করলে তাঁদের থামিয়ে দেন অভিষেক । পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করেন ৷ তাঁদের সঙ্গে হাসিমুখে ছবি ও সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । ডায়মন্ডহারবারে লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) ইলেকশন পিটিশন দাখিল করেছেন । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । বিপুল ভোটে পরাজিত হওয়ার পর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন অভিজিৎ । বর্তমানে মামলাটি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বিচারাধীন রয়েছে । গত কয়েকদিন আগেই এই মামলা থেকে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে অব্যাহতি দিয়েছেন বিচারপতি রাও । সেই মামলাতেই এদিন হলফনামায় স্বাক্ষর করতে অল্প সময়ের জন্য হাইকোর্টে এসেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।