বিহারের নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। আগামী বিধানসভা নির্বাচনে বিহারে ‘একলা চলো’-র ডাক দিয়েছেন তিনি। রবিবারই মায়াবতী জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিহারে একাই লড়াই করবে বিএসপি। একই সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানিয়েছেন, সেখানে নির্বাচনের ‘রোড ম্যাপ’ নির্ধারিত হয়েছে। দলের শীর্ষ নেতাদের নিয়ে, দু’দিনের পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেই দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মায়াবতী। তিনি জানান, প্রার্থী নির্বাচন এবং বিহার বিধানসভায় নির্বাচনের জন্য সামগ্রিক প্রস্তুতি নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, বিএসপি বিহার বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।