তাঁর নাকি দুটো ভোটার আইডি কার্ড রয়েছে । বিজেপির এহেন অভিযোগে মঙ্গলবার পাল্টা দিলেন কংগ্রেস নেতা পবন খেরা । তিনি জানান, তাঁকে এবং তাঁর দলকে টার্গেট করা হচ্ছে । তবে তাঁর দুটো ভোটার কার্ড যে পারতপক্ষে নির্বাচন কমিশনকেই (ইসি) টার্গেট করেছে তাও ঠারে ঠারে বোঝালেন কংগ্রেস নেতা । একাধিক নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নিজেকে নিবন্ধিত করার অভিযোগে দিল্লির নির্বাচন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করার পর খেরা কমিশনের তীব্র সমালোচনা করেন । তিনি বলেন, “ভোট চোরি” (ভোট চুরি) এর অভিযোগ উপেক্ষা করা হলেও, নির্বাচনী পর্যবেক্ষক বিরোধী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর ।” এক্স পোস্টে তিনি লেখেন, “@DEO_NDD আমাকে একটি নোটিশ জারি করেছে । @ECISVEEP কীভাবে শাসকগোষ্ঠীকে সমর্থন করে তার আরেকটি প্রমাণ । ভোট চোরির আমাদের অভিযোগ উপেক্ষা করা হলেও, ইসি বিরোধী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর । কেন @ECISVEEP মহাদেবপুরা আসনের 1,00,000 ভুয়ো ভোটারকে একটিও নোটিশ জারি করেনি, যাদের রাহুল গান্ধি ফাঁস করে দিয়েছিলেন ? আমরা বিহারের SIR এবং অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ায় EC-এর অন্যায় কাজগুলি প্রকাশ করা বন্ধ করব না ।” এর আগে, তিনি দাবি করেছিলেন যে তাঁর “সকালের স্টান্ট” দিয়ে, বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য স্বীকার করেছেন যে নির্বাচন কমিশন ভোটার তালিকার অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে । ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে যে, খেরার দুটি ভোটার আইডি রয়েছে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর দলের “ভোট চুরি” “রক্ষা এবং লুকানোর” জন্য বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন ।