আকাশ থেকে উড়ে জমিতে এসে পড়েছে এক অজানা ডিভাইস ! সেই ডিভাইস থেকে ক্রমাগত শোনা যাচ্ছিল বিপ-বিপ আওয়াজও । আর তারপরই সেই যন্ত্রকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক । এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দাঁইহাট শহরের মোকামপাড়া এলাকায় ৷ যদিও পুলিশ এসে তা শনাক্ত করে জানায় এটি বোমা জাতীয় কোনও ডিভাইস নয় ৷ তারপরেও অবশ্য আতঙ্ক কাটেনি এলাকার মানুষের ৷ মঙ্গলবার মোকামপাড়া এলাকার ওই ডিভাইস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । স্থানীয়দের দাবি, ওই যন্ত্র থেকে বিপ-বিপ জাতীয় আওয়াজও বের হচ্ছিল লাগাতার ৷ স্থানীয়রা মনে করে টাইম বোমা জাতীয় কেউ কিছু ফেলে গিয়েছে । সেই খবর চাউর হতেই শুরু হয় বোমাতঙ্ক । পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ডিভাইসটি উদ্ধার করে পরে শনাক্তও করে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার দাঁইহাট শহরের 9 নং ওয়ার্ডের মোকামপাড়ায় এক খোলা জমিতে একটি সাদা রঙের ইলেক্ট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখা যায় । সেটি থেকে ক্রমাগত বিপবিপ আওয়াজও হচ্ছিল । ফলে এলাকাবাসীর মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিক ওদিক রীতিমতো ছোটাছুটি শুরু করে দেয় স্থানীয়রা । এরপরই খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে ডিভাইসটি উদ্ধার করে । ওই ডিভাইস পরীক্ষা করে পুলিশের প্রাথমিক অনুমান হয়, এটি বোমা জাতীয় কিছু নয় । আবহাওয়ার তথ্য সংক্রান্ত কিছু হতে পারে । এরপরই পুলিশ দমদম মেটেরোলজিক্যাল দফতরের সঙ্গে যোগাযোগ করে । সেখান থেকে জানানো হয়, বায়ুমণ্ডলের উচ্চস্তরে আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ছাড়া হয়ে থাকে । এটিও তেমনই একটি ডিভাইস ৷ এতে ভয়ের কোনও কারণ নেই বলেও জানান তাঁরা ।অন্যদিকে, দমদম মেটেরোলজিক্যাল দফতরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সুনন্দ কুণ্ডু বলেন, “বায়ুমণ্ডলের উচ্চস্তরের আবহাওয়া পরিমাপ করার জন্য প্রতিদিন এই ধরনের ডিভাইস বাতাসে ছাড়া হয় । দাঁইহাটে যে ডিভাইস পড়েছে সেই যন্ত্র সেখানকার আবহাওয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য । সেই তথ্য সংগ্রহও করা হয়েছে । সুতরাং, ভয়ের কিছু নেই ৷”


