সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে। দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। এখনও পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের নবাব-হাট ফাগু-পুর এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গোলসি থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।