আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রচারে নামছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ উত্তর কলকাতার দুটি বিধানসভা এবং দক্ষিণ কলকাতা দুটি বিধানসভা নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি ৷ কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘দিদির কেন্দ্রে দাদা ৷’ বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, “কার কেন্দ্র, কোথায় কেন্দ্র, আমি জানি না ৷ দল আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব । আমি সব জায়গায় যেতে রাজি আছি । দল থেকে যে কাজ আমাকে দেওয়া হয়েছে সেই কাজ আমি শেষ করব ।” দেশের বিভিন্ন জায়গায় বাঙালি এবং বাংলাভাষিদের উপর অত্যাচার করা হচ্ছে । এই অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল ৷ এই ইস্যুতে সরব হতে বাদ যায়নি বাকি বিরোধীরাও । তবে এদিন গিরিশ পার্কে একটি সাংগঠনিক বৈঠকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী একেবারে অন্য কথা শোনালেন ৷ তিনি নিজে বহু বছর ধরে বাঙালি হয়ে মুম্বই বা রাজ্যের বাইরে থাকেন ৷ তাই দেশের অন্যান্য জায়গায় বাঙালিদের উপর অত্যাচার নিয়ে তিনি বলেন, “কোথাও এমনটা হচ্ছে না । এটা একেবারে মিথ্যে কথা । আমি নিজে রাজ্যের বাইরে থাকি ৷ বাঙালি বলে আমাকে কোনওদিন অত্যাচারের শিকার হতে হয়নি ।”

