যুদ্ধ পরিস্থিতি ইরানে! একদিকে সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী বিক্ষোভ, অন্যদিকে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন ইরান সরকারের। যা নিয়ে আমেরিকার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান। এই অবস্থায় ইরান এবং তার চারপাশে উড়ানপথ বদলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।এর জেরে উড়ানে বিলম্বের পাশাপাশি বাতিল হচ্ছে বহু বিমান। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের প্রতি বিমানসংস্থার পরামর্শ, শেষ মুহূর্তের ‘আপডেট’ দেখে তবেই বিমানবন্দরে আসুন। প্রশ্ন উঠছে, ইরানে আটকে পড়া ভারতীয়রা কীভাবে দেশে ফিরবেন? এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, “উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে। এর জেরে বিলম্ব হতে পারে।” কিছু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে। যে সব বিমানগুলির উড়ানপথ শেষ মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয়, সেগুলি বাতিল করা হচ্ছে।” বিমানসংস্থা উল্লেখ করেছে, যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।


