কলকাতা

কলকাতায় ইডি-সিবিআইয়ের বড় অভিযানের আশঙ্কা! পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে: সূত্র

আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি-র অভিযানের পর এক সপ্তাহও কাটেনি। কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকন্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে।  সূত্রের খবর, গত কয়েক দিনে ২০০-র বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাঁদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গেছে যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে।  লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি-র তল্লাশির সময়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়।